শীর্ষে চিটাগং খুলনার দ্বিতীয় জয়

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০০:২৯

কাগজে-কলমে শক্তির বাহার চোখে না পড়লেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে বাজিমাত করে যাচ্ছে চিটাগং ভাইকিংস। গতকাল মিরপুরে শেষ হওয়া তৃতীয় পর্বের পর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মুশফিকুর রহিমের দল। সাত ম্যাচে ছয়টি জয় চিটাগংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি জয় ঢাকা ডায়নামাইটসের।

মিরপুর স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে চিটাগং ৬ উইকেটে পরাজিত করেছে রাজশাহী কিংসকে। আট ম্যাচে এটি রাজশাহীর চতুর্থ হার। দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সকে ২১ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইটান্স। নয় ম্যাচে খুলনার এটি দ্বিতীয় জয়। এক ম্যাচ কম খেলে সিলেটের ষষ্ঠ হার।

গতকাল টসে হেরে ব্যাট করা খুলনা ৯ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল। ব্রেন্ডন টেইলর ৪৮, ডেভিড উইজ ৩৮, জুনায়েদ ৩৩, শান্ত ১৭ রান করেন। সিলেটের অলক কাপালি ২২ রানে চার উইকেট নেন। জবাবে ৭ উইকেটে ১৪৯ রান করতে সমর্থ হয় সিলেট। নওয়াজ ৫৪, নিকোলাস পুরান ২৮, আফিফ ২৯ রান করেন। খুলনার তাইজুল তিনটি উইকেট পান। এর আগে চিটাগংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৭ রান তুলেছিল রাজশাহী। আগের মাচের সেঞ্চুরিয়ান লরি ইভান্স ৫৬ বলে ৭৪ রান (৮ চার, ২ ছয়) করেন। ইয়ংকার অপরাজিত ৩৬, মিরাজ অপরাজিত ১০, ডেসকাট ২৮ রান করেন। জবাবে মুশফিকের হাফ সেঞ্চুরিতে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে নেয় চিটাগং। ৪৬ বলে ম্যাচ জয়ী অপরাজিত ৬৪ রান (৬ চার, ২ ছয়) করে ম্যাচ সেরা হন মুশফিক। মোসাদ্দেক অপরাজিত ৪৩, শাহজাদ ২৫, নাজিবউল্লাহ জাদরান ২৩ রান করেন। রাজশাহীর আরাফাত সানি তিনটি উইকেট নেন।