ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি ও বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদারকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা চাঁদার দাবিতে মোবাইল ফোনে হুমকি দিয়েছে। এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবার অফিস থেকে দুপুরে বাসায় ফেরার পথে শাহজাহান সরদারকে ০১৮৮০-৮৭২৮১৩ নম্বর থেকে ফোন করে শাহাদাত্ নামের এক ব্যক্তি বলেন, ‘ভারতে তাদের কিছু লোক চিকিত্সাধীন আছে। এ জন্য তার ৫০-৬০ লাখ টাকা প্রয়োজন। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর ওই ব্যক্তি বলেন, বিকাশ নম্বর দিচ্ছি টাকা পাঠিয়ে দিবেন। অন্যথায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে। আপনাকে অনুসরণ করা হচ্ছে।’ এ ঘটনার পর থেকে দুর্বৃত্তরা বিভিন্ন নম্বর থেকে কল ও এসএমএস পাঠিয়ে অনবরত হুমকি দিতে থাকে। এ বিষয়ে ধানমন্ডি থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।
ডিআরইউ নেতৃবৃন্দ, শাহজাহান সরদারকে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
