টঙ্গিবাড়ীতে প্রতারণা দলিল লেখক গ্রেফতার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

স্থানীয় সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক মাহমুদুল হাসানকে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাবরেজিস্ট্রার অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদুল হাসান সোনারং গ্রামের জাকির মাদবরের ছেলে। জানা গেছে, সোনারং গ্রামের মৃত মকিম পোদ্দারের ছেলে দেলোয়ার হোসেন পোদ্দার একটি জমি তার ছেলে ইব্রাহীম হোসেন পোদ্দারকে হেবা দলিল করে সম্পত্তি হস্তান্তর করেন দলিল লেখক মাহমুদুল হাসানের মাধ্যমে। কিন্তু কিছু দিন পরে একই সম্পত্তি দলিল লেখক মাহমুদুল হাসানের যোগসাজশে দেলোয়ার হোসেন পোদ্দার মৃত আসলাম পোদ্দারের স্ত্রী নাসিমা বেগমের কাছে দলিলমূলে বিক্রয় করেন। নাসিমা বেগম তহশিল অফিসে জমির নামজারি করতে গিয়ে জানতে পারেন যে, একই সম্পত্তি দেলোয়ার হোসেন পোদ্দার আগেই তার ছেলে ইব্রাহীম পোদ্দারকে দলিল লেখক মাহমুদুল হাসানকে দিয়ে হেবা দলিল করে দিয়েছেন। পরে আদালতে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে জানা যায়, মাহমুদুল হাসানের বাবা জাকির মাদবর স্বীকৃত দলিল লেখক না হয়েও নিজের নামে সরকারি লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক হিসেবে সাইনবোর্ড লাগিয়েছেন। তবে জানা গেছে, জাকির মাদবর এক সময় স্থানীয় বাজারে ফুটপাতে বসে পুরাতন কাপড় বিক্রি করতেন। পরে এক পর্যায়ে তিনি টঙ্গিবাড়ী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক দেলোয়ার হোসেনের সহকারী হিসেবে কাজ করেন। নিজে আদৌ দলিল লেখক কি না, জানতে চাইলে জাকির মাদবর বলেন, তিনি দলিল লেখক নন, দলিল লেখকের সহকারী। তবে সাইনবোর্ডে দলিল লেখক উল্লেখ করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ জানান, প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাহমুদুল হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।