কুমিল্লায় বাড়িতে হামলা নারীকে কুপিয়ে হত্যা আহত ৩

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের একটি বাড়িতে পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে নাজমা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ঐ নারীর স্বামী আবদুস সালাম ও অপর এক জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঐ দুই জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন।

জানা যায়, স্থানীয় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুস সালামের পরিবারের বিরোধ চলে আসছিল। ঐ বিরোধের জের ধরে শুক্রবার রাত সোয়া ৭টার দিকে চেয়ারম্যানের লোকজন আবদুস সালামের বাড়িতে হামলা চালায়। এ সময় আবদুস সালাম ও তার স্ত্রীসহ তিন জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাদেরকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সালামের স্ত্রী নাজমা বেগমকে (৪৫) চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। তার স্বামীর অবস্থাও সংকটাপন্ন। এদিকে নাজমা বেগমের মৃত্যুর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছিল। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসীর বক্তব্য জানার জন্য একাধিক বার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।