বগুড়ার শেরপুরে শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৮:১২

বগুড়ার শেরপুরের বাগড়া কলোনী এলাকায় এক মা তার শিশুকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিশুর নাম শামীম হোসেন বাবু (১)। মায়ের নাম শান্তা বেগম (১৯)। জানা গেছে, স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটিয়েছে শান্তা বেগম।

জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার আবু তালেবের ছেলে মামুনুর রশীদের সঙ্গে ৩ বছর আগে পাশের খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামের সানাউল্লাহ প্রামানিকের মেয়ে সামছুন্নাহার শান্তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও শাশুড়ির পছন্দ না হওয়ায় কারণে-অকারণে শান্তাকে মানসিক ও শরীরিক নির্যাতন করে আসছিল এবং টাকা চাইতো।

গত বৃহস্পতিবার সকালে শাশুড়ি মাসেদা বেগম তুচ্ছ বিষয় নিয়ে শান্তা বেগমের সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে শাশুড়ি তাকে মারধর করে। এই অপমান সহ্য করতে না পেরে দুপুর আড়াইটার দিকে নিজের ১৪ মাস বয়সী একমাত্র ছেলে শামীম হোসেন বাবুকে বিষ খাওয়ায়। পরে নিজেও বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে বিকাল ৩টার দিকে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪ টার দিকে মা ও ছেলে মারা যায়।

এ ঘটনায় শান্তার পিতা সানাউল্লাহ প্রামানিক বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় মামুনুর রশীদ ও মাসেদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, ওই বিষয় নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আটক করার চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু