এ আমার শ্রেষ্ঠ মাতৃপ্রেম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

নাসির আহমেদ

 

কোনো উপমাই আজও পাইনি তোমার--যার সাথে

তুলনা করতে পারি, আমার প্রাণের ভাষা তুমি

কী ঐশ্বর্যে দীপ্যমান! যেন ভরা-পূর্ণিমার রাতে

মহাসাগরের বুকে অন্তহীন ঝলমলে মুগ্ধ মনোভূমি!

 

ব্যাখ্যার অতীত সেই জ্যোত্স্না-জলের কথা বলা

অথই সমুদ্র আর অন্তহীন উন্মুক্ত আকাশ

জলের কল্লোলে মন হয়ে যায় কেমন উতলা!

মুগ্ধতায় কী রকম ঘন হয় বুকের নিঃশ্বাস!

 

অনির্বচনীয় সেই সুন্দরের নাম মাতৃভাষা

মায়ের মুখের বুলি, হূদয়ের সবটুকু বোধ

পুঞ্জিভূত মেঘে যেন জমে থাকা বৃষ্টির প্রত্যাশা,

এমন কি এ ভাষায় প্রকাশ করেছি শ্রেষ্ঠ ক্রোধ!

 

তাইতো একুশ কোনো অঙ্কের সংখ্যামাত্র নয়

এ আমার শ্রেষ্ঠ ক্রোধ, এ আমার শ্রেষ্ঠতম প্রেম

আমিতো ভাষার প্রশ্নে মৃত্যুকেও করি নাই ভয়!

মাতৃভাষা-বোধে যেন বাংলাদেশ নিকষিত হেম।

 

ত্রিকাল বেঁধেছি আমি রক্তস্নাত এ ভাষার সম্পর্ক-সূতায়

তোমারই জঠরে আমি স্বাধীনতা পেয়েছি মা সোনার বাংলায়।