কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে সংঘর্ষে আক্তার হোসেন গাজী নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হিরণ ইউনিয়নের আট্রাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন গাজী আট্রাবাড়ী গ্রামের সামচুল হক গাজীর ছেলে। জানা গেছে, আট্রাবাড়ী গ্রামের ওহাব আলী গাজীর সঙ্গে একই গ্রামের সোহরাব হোসেন গাজীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ওহাব আলী গাজী ও আক্তার হোসেন গাজীসহ ১০ জন আহত হন। খুলনা মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত ১১টায় আক্তার হোসেন গাজী মারা যান। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
