ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন
ইত্তেফাক রিপোর্ট
গত শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। আহত মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের আবাসিক চিকিত্সক ডা. আলাউদ্দীন জানান, মুজাক্কিরের গলায় ছররা গুলি লেগেছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে আইসিইউতে নিতে বলা হয়েছে।
গত শুক্রবার বিকালে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সাংবাদিক মুজাক্কির গুলিবিদ্ধ হন। মুজাক্কিরকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য তাকে শুক্রবার রাত ৮টার দিকে ঢাকায় পাঠানো হয়।
