পেনালটি মিসের খেসারত সাইফের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০২

শেখ রাসেল-আবাহনী ১-১ ড্র

স্পোর্টস রিপোর্টার

সাইফ স্পোর্টিং ক্লাব বসুন্ধরার কিংসের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল। ৮৩ মিনিটে পেনালটি পেল সাইফ। নাইজেরিয়ান ইকেচুকু কেনেথ গোল করলে স্কোর লাইন ২-২ হয়। কেনেথ শট করলেন, বসুন্ধরার গোলকিপার জিকো ঠেকিয়ে দিলেন। সমতায় ফেরার এমন সুযোগ হাতছাড়া হওয়ার খেসারত দিতে হল ম্যাচ হেরে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-১ গোলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে লিগের দশম জয় তুলে নিয়েছে। ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সাইফ ৯ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে।

অথচ কালকের এই ম্যাচে বসুন্ধরার বিপক্ষে গোল করে এগিয়ে গিয়েছিল সাইফ। ১৮ নাইজেরিয়ার জন ওকলির দর্শনীয় গোল সাইফকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল ১-০। সেই গোল বসুন্ধরা ফিরিয়ে দিয়েছে জটলা হতে পাওয়া সবুজের গোলে ১-১। কেনেথ সাইফকে এগিয়ে দেওয়ার সুযোগ পেলেও অমার্জনীয় ব্যর্থতায় সেটি হয়নি।

বসুন্ধরার ব্রাজিলিয়ান জনথান, রবসন, আর্জেন্টাইন রাউল অস্কারই মূলত বসুন্ধরার আক্রমণের অস্ত্র। ৩৭ মিনিটে প্রায় মাঝমাঠের কাছাকাছি হতে জনাথন আচমকা শটে দেখার মতো গোল করে এগিয়ে দিয়েছেন ২-১। আর পেনাল্টি পেয়েও সাইফ ব্যর্থ হলো, হার নিয়ে মাঠ ছড়তে হলো। 

আবাহনীর ড্র

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের দ্বিতীয় খেলায় আবাহনী ২৫ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে ছিল। সেই আবাহনী জিততে পারেনি। নির্দিষ্ট সময়ের খেলা শেষে যোগ হওয়া অতিরিক্ত সময়ে শেখ রাসেল গোল করে ম্যাচ ড্র করে। রাসেলের তাজিক ডিফেন্ডার আসারভ গোল করে নিশ্চিত হার থেকে দলকে বাঁচান। এই ড্রয়ে আবাহনীর আরো ক্ষতি হয়ে গেল। আরো পিছিয়ে গেল।

টঙ্গীতে আট গোলের ম্যাচ

টঙ্গীতে প্রিমিয়ার লিগের অন্য খেলায় আট গোলের প্রদর্শনী দেখেছেন দর্শক। উত্তর বারিধারা ক্লাবের নিজ ভেন্যুতে বারিধারা ৪-৪ গোলে ড্র করেছে আরামবাগের বিপক্ষে। গোল আর পালটা গোলের খেলায় আরামবাগ এই প্রথম ১ পয়েন্ট পেয়েছে। বারিধারার অধিনায়ক সুমন রেজা ২, আরিফ ১, আরামবাগের চিজোবা, সাদিক, নিহাত এবং সাইদ গোল করেন।