এক দিনে মারা যাওয়া পাঁচ জনের সবাই ঢাকা বিভাগের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিন জন পুরুষ আর নারী দুই জন। তাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। চার জন হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা গেছেন। চার জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া পাঁচ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৩৪২ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় আরো ৩৫০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৪২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৮টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২১৪টি ল্যাবে ১১ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৪১৮টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ২১৯টি।