ভাষার টান আর মনের আবেগে প্রতি বছরের ন্যায় এবারও বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসেছে।
রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ’-এ বসে এ দুই বাংলার মিলনমেলা। সীমান্তের জিরো পয়েন্টে যৌথভাবে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ। এবারের মিলনমেলার আয়োজন করেছে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ। তবে করোনা ভাইরাসের কারণে এবার মিলনমেলার অনুষ্ঠান স্বল্প পরিসরে করা হয়েছে।
একুশের মিলন মেলা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বনগাঁর পৌর প্রশাসক সংকর আড্ড।

বেলা সাড়ে ১১টায় জিরো পয়েন্টের অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, জেলা প্রশাসক তমিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল হক মনজু, ভারতের বনগাঁর পৌর প্রশাসক সংকর আডড, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তারা, এবং কবি, সাহিত্যিকরা।
ইত্তেফাক/ইউবি
