চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত জুবাইদুল হক ফাহাদ (২৮) নগরীর চান্দগাও এলাকার নুরুল হক ঠিকাদার বাড়ির মনজুরুল হকের ছেলে।
জানা গেছে, হানিফ পরিবহনের কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস (ঢাকামেট্রো-ব-১৪-৪৯৫৭) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফাহাদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএম
