রাজৈরে সাবেক ইউপি সদস্য খুন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:২২

মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ সীমান্তে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর যুধিষ্টির বসুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে।

 

নিহত যুধিষ্টির বসু মৃত: প্রেমচাঁদ বসুর ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

 

জানা গেছে, যুধিষ্টির বসু বুধবার বিকালে একই ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে ধর্মীয় কবি গান শুনতে যায়। সেখান থেকে বাড়ীতে এসে রাতের খাবার খেয়ে তড়িঘড়ি করে বাড়ীর পাশে মুরগীর খামার দেখতে বেড়িয়ে  পড়েন। এরপর ঘরের সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার ভোর রাতে ঘুম ভেঙে গেলে স্বামীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্ত্রী ইতি বসু। মুরগীর খামারের পাশে তার লাশ দেখতে পায় ।

 

নিহতের বড় ছেলে রনি বসু অভিযোগ করেন, ‘চাচাতো ভাই যতিশ বসু, সতিশ বসু, পাচু বসু গংদের সাথে যুধিষ্টির বসুর মামলা চলে আসছিল। গত কয়েকদিন পূর্বে মামলার রায়  আমাদের পক্ষে যায়। এতে যতিশ বসু গংরা ক্ষিপ্ত হয়ে ওঠে।’ নিহতের স্ত্রী ইতি বসুর দাবি, ‘ওরাই তার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।’

 

ওসি জিয়াউল মোর্শেদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য যতিশ বসু, বিমল বসু, কনক বসু ও মিঠু বসুকে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম