মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

রায়পুর পৌরসভা নির্বাচন

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন ৬৩টি মাইক দিয়ে তাদের প্রচার চালানো হচ্ছে। আর এসব মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে হার্ট ও কানের রোগীরা। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর পৌর নির্বাচনে ছয় জন মেয়র পদপ্রার্থী, ৫০ জন কাউন্সিলর পদপ্রার্থী ও সাত জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচন করছেন। একজন প্রার্থীর পক্ষে একটি করে মাইকিং করার নিয়ম রয়েছে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে মাইকিং।

শহরের ডেকোরেটর ব্যবসায়ী সোহেল জানান, মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর লোকজন দেড়টার দিকে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে প্রচারণা চালান। ২টা বাজার সঙ্গে সঙ্গেই শুরু করে দেন মাইকিং। এবার মাইকের জোগান দিতে তারা হিমশিম খাচ্ছেন। ওষুধ ব্যবসায়ী জগনার্থ ঘোষ বলেন, শহরে একটির পর একটি মাইক আসতেই থাকে। এতে কান ঝালাপালা হয়ে যায়। মাইকের যন্ত্রণাদায়ক শব্দের কারণে মুঠোফোনে কথা বলাসহ কাজকর্ম করা যায় না। তাই মাইকিংটাকে আরো সীমিত করে দেওয়া উচিত।

এ বিষয়ে রায়পুর পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপন বিশ্বাস বলেন, ‘প্রচারণা নিয়ে কিছু কিছু অভিযোগ পাচ্ছি। নিয়মনীতি না মেনে কেউ আচরণবিধি ভঙ্গ করে মাইকিং করলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অতিরিক্ত মাইকিংয়ের শব্দে মানুষের ভোগান্তি হচ্ছে।’