করোনার প্রভাবে গত বছরের পুরো সময়টাই ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের বিপর্যয় ছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল হোটেল-রেস্তোরাঁর মতো ব্যবসায়। আশঙ্কা করা হয়েছিল, এ সময় বিশ্বব্যাপী কফির ব্যবসায় ধস নামবে। কিন্তু ভোক্তা চাহিদা চাঙ্গা থাকায় এই শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। লকডাউনের কারণে অধিক সময় বাসায় অবস্থানে ঘরে কফি গ্রহণ বৃদ্ধি পাওয়া, ভালো দামে বিক্রি হওয়ায় এই খাত ক্ষতিগ্রস্ত হয়নি। করোনার প্রভাবে বৈশ্বিক বিপর্যয়ের কারণে কফি খাতের বৈশ্বিক বিক্রয়ের মোট পরিমাণ ২ দশমিক ৪ শতাংশ কমার আশঙ্কা করছিলেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক কফি সংস্থার (আইওসি) তথ্য অনুসারে, গত বছর উত্পাদিত মোট কফির পরিমাণ ছিল ১৬ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ব্যাগ, যা আগের বছরের তুলনায় বেশি ছিল। এছাড়া টানা তিন বছর বেড়েছে বিশ্বব্যাপী কফির ব্যবসা।
