বিমানে পণ্য পরিবহন বাড়ছে চীনে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

করোনার প্রভাবে সারা বিশ্বেই যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন কমেছিল। তবে চীনে সম্প্রতি বিমানে পণ্য পরিবহন বাড়ছে। চীনা সিভিল অ্যাভিয়েশনের তথ্যানুযায়ী জানুয়ারি মাসে দেশটি ৬ লাখ ৬৯ হাজার টন পণ্য বিমানে পরিবহন করেছে। সিনহুয়ার সংবাদ অনুযায়ী, আগের বছরের জানুয়ারির তুলনায় এই পরিবহন সাড়ে ১০ শতাংশ বেড়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি পাওয়ায় পণ্য পরিবহন বেড়েছে। দেশটির অভ্যন্তরীণ পণ্য পরিবহন বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। গত ২০১৯ সালের ডিসেম্বরের পর অভ্যন্তরীণ পণ্য পরিবহনে প্রবৃদ্ধি দেখল দেশটি। বিমানে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে ২৪ দশমিক ৭ শতাংশ। করোনার প্রকোপ শুরুর পর এ নিয়ে তিন মাস বিমানে পণ্য পরিবহনে ধনাত্মক প্রবৃদ্ধি হলো।