ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি (ঢাকা ওয়াসা) অনেক অবহেলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ বিষয়ে তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কঠিন সতর্কবার্তা দিয়েছেন।
এলজিআরডিমন্ত্রী ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ওয়াসায় অব্যবস্থাপনার কারণে অনেক ক্ষতি হয়েছে। আপনাদের যার যেখানে দুর্বলতা আছে তা এখনই শুধরিয়ে ফেলুন। তা না হলে পরিণতি খারাপ হবে। আর কোনো অন্যায় সহ্য করা হবে না।
বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে ওয়াসা ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা বলেন মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আরো পড়ুন: চীনে বসন্ত উৎসবে বোনাস দিতে নোটের পাহাড়!
তিনি বলেন, সুপেয় পানি একটি বড় চ্যালেঞ্জ। আমরা সবার মধ্যে নিরবচ্ছিন্ন ও সমানভাবে এ সেবা দিতে চাই। ঢাকা ওয়াসার এমন ত্রুটিপূর্ণ ও অব্যবস্থাপনা আর চলতে দেওয়া হবে না। এমনটি দেখলে দোষী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় মন্ত্রী জানান, ওয়াসার দুর্নীতির ব্যাপারে কারও কোনো অভিযোগ থাকলে তা নির্ভয়ে ব্যক্তিগতভাবে জানালে তাকে স্বাগত জানানো হবে।
ইত্তেফাক/জেডএইচ
