স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেন আর কেউ ছয় বারের বেশি জিতেনি। এই আসরে তাই নোভাক জোকোভিচের মূল প্রতিপক্ষ তিনি নিজেই। দানিল মেদভেদেভের প্রাথমিক প্রতিরোধকে নিদারুণভাবে অবজ্ঞা করে গতকাল পুরুষ এককের ফাইনালে সরাসরি সেটে জয় পেয়েছেন জোকোভিচ। সঙ্গে সঙ্গে নিজের নামের পাশে যোগ করেছেন আরো একটি অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। মেলবোর্নের রড লেভার এরিনায় নবম ফাইনাল খেলে নবম শিরোপা জিতার সঙ্গে সঙ্গে ফেদেরার-নাদালের সঙ্গে ব্যবধানটাও কমিয়ে এনেছেন জোকোভিচ। ১৮টি গ্র্যান্ড স্লাম জিতে এখন ঐ দুই কিংবদন্তির ছোঁয়া দূরত্বে এসে পড়েছেন এই সার্বিয়ান।
টানা ২০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন আসরের চতুর্থ বাছাই মেদভেদেভ। তার সম্বন্ধে টুর্নামেন্ট শুরুর আগে জোকোভিচের ভূয়সী প্রশংসা ও জোকোভিচের সঙ্গে তার সাম্প্রতিক রেকর্ড মিলিয়ে একটি ‘অঘটনের’ সম্ভাবনা দেখছিল অনেকেই। কিন্তু ফাইনালের জোকোভিচ যে অন্য যেকোনো ম্যাচের জোকোভিচের চেয়েও বেশি ভয়ঙ্কর। অস্ট্রেলিয়ান ওপেনে টানা তৃতীয় ফাইনাল জেতার অপেক্ষায় থাকা জোকোভিচের সামনে কেবল প্রথম সেটেই যা একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন মেদভেদেভ। টাইব্রেকারে যাওয়া সেই সেট ৭-৫ গেমে জিতে নিয়ে জোকোভিচ পরের দুই সেটও জিতেছেন ৬-২, ৬-২ গেমে। ১ ঘণ্টা ৫৩ মিনিটের নাতিদীর্ঘ ফাইনালটি শেষ হয়েছে জোকোভিচের মাথার পিছন থেকে করা এক ভলিতে। জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই মেলবোর্নের নীল কোর্টে সটান হয়ে শুয়ে পড়ে উদ্যাপন করেন জোকোভিচ।
টুর্নামেন্টের শুরুতে পেটের চোট নিয়ে প্রায় ছিটকে যাওয়ারই অবস্থা হয়েছিল জোকোভিচের। সেখান থেকে ফিরে আবারও শিরোপায় হাত রাখাটা ক্যারিয়ার জুড়ে প্রদর্শিত জোকোভিচের অদম্য মনোবলের একটি স্বাক্ষরমাত্র। ট্রফিতে হাত রেখে প্রিয় টুর্নামেন্টের প্রিয় দর্শকদের ধন্যবাদ জানাতে ভুল করলেন না জোকোভিচ, ‘আপনাদের ভালোবাসি আমি। প্রতি বছর সেই ভালোবাসা বাড়তে থাকে এবং (আমাদের মধ্যকার) এই ভালোবাসার সম্পর্ক চলতেই থাকে।’
দুটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলে দুটিতেই হারা মেদভেদেভ রানার-আপ শিরোপা হাতে গাইলেন জোকোভিচেরই বন্দনা। বহু আগে, যখন তিনি অখ্যাত একজন খেলোয়াড় ছিলেন, তখন তার সঙ্গে জোকোভিচের আন্তরিকতা প্রদর্শনের একটি ঘটনা বর্ণনা করে মেদভেদেভ জোকোভিচকে বলেন, ‘তুমি একজন অসাধারণ খেলোয়াড় এবং একজন অসাধারণ ব্যক্তি। অভিনন্দন।’
পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম
রজার ফেদেরার ২০
রাফায়েল নাদাল ২০
নোভাক জোকোভিচ ১৮
পিট সাম্প্রাস ১৪
রয় এমারসন ১২
