আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পছন্দ হচ্ছে না একটি মহলের। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তাই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ গতকাল রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকীসহ অন্য নেতৃবৃন্দ। পরে মহান শহিদ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
