মানিকনগরে পুড়ল কুমিল্লাপট্টি বস্তি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৯

রাজধানীর মানিকনগরের কুমিল্লাপট্টি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, গতকাল রবিবার বিকাল সোয়া ৩টার দিকে সেখানে আগুন লাগার খবর পান তারা। অগ্নিনির্বাপক বাহিনীর ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে সেখানকার শতাধিক টিনশেড ঘরের অধিকাংশই পুড়ে যায় বলে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান। তিনি বলেন, কুমিল্লাপট্টির কবরস্থানের পাশে কয়েক জন মালিক মিলে বস্তির আদলে প্রায় ১০০ ঘর তৈরি করেছেন। আগুনে অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।