বাউফলে ছাত্রলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এমপির অনুসারী ও মেয়রের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে এমপির অনুসারী পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ ও মেয়র জুয়েল গ্রুপের ছাত্রলীগ নেতা আরিফ, ইউসুফ, সিদ্দিক উল্লাহসহ ২০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের পাবলিক মাঠস্থ রিক্সা স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ইব্রাহিম ফারুক ও হারুন অর রশিদকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আসম ফিরোজ এমপি গ্রুপের কয়েকজন নেতাকর্মীর সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতান্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলির তোড়া ভেঙে দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুন্ডপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনের ফটক প্রদক্ষিণ করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাবলিক মাঠস্থ রিক্সা স্ট্যান্ডেরা কাছে পৌঁছালে এমপি গ্রুপের লোকজন মিছিলের উপর ইটপাটকেল নিক্ষেপ করে বলে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান দাবি করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আতংকে ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে দিয়েছেন। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
