বিকালের নাস্তায়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৯

রেস্টুরেন্টে আমরা কম বেশি সবাই মজাদার খাবার খেয়ে থাকি। কিন্তু বাসায় তৈরি খাবারের মজাই আলাদা। বাসার সদস্যদের মুখে স্বাদে ভিন্নতা আনতে ঘরে বসেই তৈরি করতে পারেন বিকালের জন্য মজাদার নাস্তা। এবারের রেসিপিগুলো দিয়েছেন

আলভী রহমান শোভন

রাজমা টিকিয়া

উপকরণ :রাজমা দেড় কাপ, মাঝারি আকারের সিদ্ধ আলু ১টি, ডিম ১টি, পেঁয়াজ বেরেস্তা দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রণালি :রাজমা পানিতে একরাত ভিজিয়ে রাখুন। পানি থেকে ছেঁকে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে ভালো করে ধুয়ে চটকে নিন। এবার এতে সিদ্ধ আলু দিয়ে চটকে একে একে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুচি, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া এবং লবণ মেশান। সবশেষে ডিম ফেটিয়ে মিশ্রণে দিয়ে আবার মাখিয়ে চপের আকার করে ডুবো তেলে বাদামি করে ভাজুন।

ভেজিটেবল নাগেটস

উপকরণ :আলু মাঝারি আকারের ১টি, পছন্দমতো সবজি কুচি ২ কাপ, শুকনা মরিচ বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, ধনিয়া বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি, ব্রেডক্রাম্ব ২ কাপ, ভাজার জন্য সামান্য তেল।

প্রণালি :আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিতে হবে। অন্য সবজি ভাপে হালকা সিদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার এতে ডিম ছাড়া বাকিসব উপকরণ সবজির সঙ্গে মিশিয়ে নাগেটসের আকার করতে হবে। ডিম ফেটিয়ে নাগেটসগুলো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে বাদামি করে ভাজলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল নাগেটস। তারপর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।