খুলনায় হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

খুলনায় আছমাউল মোড়ল ওরফে জীবন হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শুভঙ্কর রায়, সুধাময় বালা ওরফে সুধাবৃন্দ বালা, অমিত বিশ্বাস ও দীপঙ্কর রায়। মামলায় এজাহারভুক্ত আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। নিহত আছমাউল মোড়ল ডুমুরিয়া উপজেলার বাগদাড়ি নোয়াকাঠি গ্রামের জহুরুল হক মোড়লের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে আসামিরা আছমাউলকে মোবাইল ফোনে মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন ডুমুরিয়ার খড়িয়ার ওয়াপদার কাছ থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।