নিখোঁজের তিন দিন পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. সেলিম মিয়ার বড় ছেলে বাপ্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের সোলেমান বেপারীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে নিখোঁজ থাকায় গত ২০ ফেব্রুয়ারি তার পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়ারি করা হয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি বলেন, তিনি গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়। এর পর তার আর কোনো খোঁজ না পেয়ে ২০ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। সোমবার ১১ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়।
প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সার্বিক বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
