লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারি আজ মঙ্গলবার। আজ বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে লটারি অনুষ্ঠিত হবে। চাহিদার বিপরীতে বেশি আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে শেয়ারহোল্ডারদের শেয়ার বরাদ্দ দেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে । এর আগে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন জমা নেওয়া হয়েছে। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অব প্রাইজ নির্ধারণের জন্য লুব-রেফ বাংলাদেশের বিডিং (নিলাম) হয়েছে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। গত ২০ আগস্ট লুব-রেফ বাংলাদেশের বিডিং অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে লুব-রেফ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়া খাতে ব্যবহার করবে। কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।
