করোনার ধাক্কা সামলে বইমেলা শুরু মধ্য মার্চে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

করোনা মহামারির কারণে ফেব্রুয়ারিতে বন্ধ করে দেওয়া হয়েছিল বইমেলা। তা আদৌ এ বছর হবে কি না—এ নিয়েও ছিল শঙ্কা। সব অনিশ্চয়তা কাটিয়ে ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপজীব্য করে এবারের বইমেলার মূল উপজীব্য রাখা হয়েছে ‘হে স্বাধীনতা’।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, বইমেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। এ ছাড়া, করোনা মহামারির কথা বিবেচনায় রেখে স্টল ভাড়ায় ছাড় দিয়েছে সরকার। এর কারণে, অর্ধেক ভাড়ায় বইমেলায় স্টল বরাদ্দ পেয়েছেন প্রকাশরা। আগামী ১৮ মার্চ বিকালে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যে, পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তবে তিনি ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করবেন। ইতিমধ্যে বাংলা একাডেমির অংশে কাঠামো নির্মাণের কাজ ৯০  ভাগ শেষ হয়েছে। নকশা অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানের অংশের কাঠামো নির্মাণের কাজও শুরু হয়েছে। এ বছর বইমেলায় ৩৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন থাকছে। আর সব মিলিয়ে ৫৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বইমেলায়। মেলার কাঠামোগত সাঁজসজ্জায় ফুটিয়ে তোলা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ বছরও মেলার নকশা করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর।

৪ ফেব্রুয়ারি ছিল প্রকাশকদের স্টলের ভাড়া প্রদানের শেষ দিন। স্টল ভাড়া জমা দেওয়ার পর ৮ থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে লটারি। জায়গা বুঝে নেওয়ার পর মেলা শুরুর দুই দিন আগে ১৬ মার্চের মধ্যে স্টল বা প্যাভিলিয়নের সকল কাজ সম্পন্ন করতে হবে প্রকাশনা সংস্থাসমূহের।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বলেন, মেলার আগে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কটি পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। একাডেমি কর্তৃপক্ষ জানায়, বরাবরের মতো এবারের মেলায়ও প্রতিদিন থাকবে বিষয়ভিত্তিক সেমিনার। এছাড়াও মূল মঞ্চের আয়োজনে আগের মতোই নৃত্য-গীত, কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনায় সাজানো থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।