প্রতি বছরের মতো এবারও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উত্সব । আজ মঙ্গলবার থেকে শুরু হবে ১০ দিনব্যাপী এ পিঠা উত্সব এবং শেষ হবে আগামী ৪ মার্চ। যৌথভাবে এই পিঠা উত্সবের আয়োজন করছে শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উত্সব পরিষদ। আজ বিকালে প্রধান অতিথি হিসেবে পিঠা উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক এবং নাট্যজন মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। পিঠা উত্সব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখবেন পরিষদের সভাপতি ম. হামিদ।
এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উত্সবের বিস্তারিত তুলে ধরেন পিঠা উত্সব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বক্তব্য দেন পরিষদের সভাপতি ম. হামিদ, গীতিকবি হাসান মতিউর রহমান, অভিনেতা আব্দুল আজীজ, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইনা আফসানা ইকো এবং পরিষদের সদস্যসচিব খন্দকার শাহ্ আলম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উত্সবে প্রায় ৫০টির মতো স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীরা রকমারি পিঠার পসরা সাজিয়ে বসবেন। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উত্সব। এতে ৪০টি জেলার নানান রকমের বৈচিত্র্যময় স্বাদের পিঠা স্থান পাবে। উত্সব আঙিনায় প্রতিদিন বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবারের জাতীয় পিঠা উত্সব ঢাকার পাশাপাশি দেশের কয়েকটি বিভাগীয় শহরে আয়োজন করা হবে। এর মধ্যে চট্টগ্রামে এ পিঠা উত্সবটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ থেকে ১৩ মার্চ, খুলনায় ১২ থেকে ১৬ মার্চ এবং বরিশালে অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২০ মার্চ।
