সড়কে ঝরল পুলিশ, ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের প্রাণ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬

সড়ক দুর্ঘটনায় বরিশালে নবজাতক, নাটোরে পুলিশ সদস্য, নেত্রকোনা, বগুড়ার আদমদীঘি ও লালমনিরহাটে পাটগ্রামে তিন ব্যাংক কর্মকর্তা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিকশা যাত্রী, ঢাকার সাভারে মোটরসাইকেল আরোহী নারী, ঝিনাইদহের মহেশপুরে শিশু ও বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ নারী ও শিশুসহ বিভিন্ন স্থানে আরো ২০ জন আহত হয়েছে।

বরিশাল অফিস জানায়, বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা সেতুর পার্শ্ববর্তী রামপট্টি নামক স্থানে সোমবার দুপুর ১টার দিকে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক নিহত হয়। এছাড়াও এ্যাম্বুলেন্সে থাকা সাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক রেজাউলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার এসআই নাজমুল।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে সড়ক দুর্ঘটনায় বিষ্ণুপদ নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাঁটতে বেরুলে পুলিশ লাইন্সের অদূরবর্তী স্থানে          গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। তিনি এটিএসআই হিসেবে নাটোর আদালতে কর্মরত ছিলেন। বিষ্ণুপদ বগুড়া জেলার শেখের পালা গ্রামের অমূল্য পালের ছেলে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, ট্রাকচাপায় সদর উপজেলা সোনালী ব্যাংকের (মদনপুর শাখা) সিনিয়র অফিসার আবু বক্কর সিদ্দিক নিহত এবং মোটরসাইকেল চালক সুমন সাহা আহত হন। রবিবার সন্ধ্যা সাড়ে ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশি গ্রামের রুহুল আমিনের ছেলে।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সোমবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার শিবপুর নামক স্থানে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী বগুড়া জোন মাঝিড়া গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার শিল্পী রানি (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় শিল্পী রানির স্বামী বগুড়া জোন কালাই গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার দিপংকর বিশ্বাস ও সিএনজি চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালনচা গ্রামের জিয়া উদ্দীন (৩৬) গুরুত্বর আহত হন।

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, ডাচ্ বাংলা ব্যাংক এটিএম বুথের ব্যবস্থাপক মো. আনছারুল হক মিলন (৪৫) সোমবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর ম্যাচেরঘাট এলাকায় ট্রাকেরচাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। নিহত মিলন কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের আমিনুর হকের ছেলে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা : নাগেশ্বরীতে অটোরিকশা উলটে এক যাত্রী নিহত ও একই পরিবারের আরো পাঁচ জন আহত হয়েছে। মৃত জাহিদুল ইসলাম নেমসু (৩৮) উপজেলার চিলমারী গ্রামের আবুল হোসেনের ছেলে। রবিবার বিকেলে পৌরসভার হাউরিভিটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্টাফ রিপোর্টার, সাভার জানান, সাভারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীও আহত হয়। গতকাল সোমবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সালমা আক্তার (৪৮ বরিশাল জেলার গৌরনদী থানার সাহেবেরচর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, সোমবার সকালে মহেশপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রেক্সোনা পারভীন উপজেলার পুরাতনকোলার আব্দুর রহমানের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় ডুমুরতলা-তুলশিতলা রাস্তায় এ ঘটনা ঘটে।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শরণখোলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. সানি (১৯) নিহত হয়েছে। সোমবার দুপুরে শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব আমড়াগাছিয়া (সিংবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চালকসহ কাভার্ড ভ্যান আটক করেছে।

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সাতকানিয়ায় যাত্রীবাহী পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পার্কিং করা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে নারী ও শিশুসহ ৯ জন আহত হন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার রাজমহল কমিউনিটি সেন্টার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।