ইঞ্জিন বিকল হওয়ার পর ৭৭৭ বোয়িং বিমানের উড্ডয়ন বন্ধ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, শনিবার তাদের একটি বোয়িং ৭৭৭ বিমানের ইঞ্জিন বিকল হওয়ায় এই মডেলের ২৪টি বিমানের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। শনিবার থেকেই এই নীতি কার্যকর হয়েছে। ২৩১ জন যাত্রী এবং ১০ জন ক্রু বহনকারী বিমানটি ডেনভার বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ঐ ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসির

বিমানটি থেকে ছিটকে পড়া টুকরো আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় জাপান বলেছে, যেসব এয়ারলাইন্স বোয়িং ৭৭৭ বিমানে প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০ ইঞ্জিন ব্যবহার করছে, এমন সব বিমান যেন তাদের আকাশসীমা এড়িয়ে চলে। বোয়িং বলেছে যে তারা জাপানের সিদ্ধান্তকে  সমর্থন করে এবং একই ইঞ্জিন সংবলিত বোয়িং ৭৭৭ এর সব কার্যক্রম তারা স্থগিত করার সুপারিশ করেছে। এর মধ্যে ইঞ্জিন ব্যর্থতার ঐ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত চলছে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে যে, বর্তমানে এই ইঞ্জিনটিসহ বিশ্বব্যাপী ৬৯টি বোয়িং ৭৭৭ সেবায় রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন বা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর মতে, ইউনাইটেড হলো আমেরিকার একমাত্র বিমান সংস্থা যারা এ জাতীয় বিমান চালাচ্ছে। এর বাইরে জাপান এবং দক্ষিণ কোরিয়া এ ধরনের বিমান চালিয়ে থাকে। এফএএ জানিয়েছে, হনলুলুর উদ্দেশে যাত্রা করা ইউনাইটেড ফ্লাইট ৩২৮ এর ডান দিকের ইঞ্জিনটি বিকল হয়ে যায়।