রাজশাহীর বাঘা পৌর এলাকায় পিকনিকের গাড়ি ভাঙচুরসহ ৮ জনকে আহত করার পর অবশেষে টোল তোলা বন্ধ করলো বাঘা পৌরসভা। বুধবার রাতে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পিকনিকে যাওয়ার পথে বাঘা পৌর এলাকায় প্রবেশ করলে পৌরসভা থেকে ইজারা নেওয়া টোল আদায়কারিরা ইজারা না পেয়ে গাড়ি ভাংচুর করে। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৪-০১-১৯) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের যৌথ সিদ্ধান্তে এককালীন পৌরকর তোলা বন্ধ ঘোষণা করা হয়।
জানা যায়, বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা চারটি বাস নিয়ে বুধবার রাত ১২টার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তারা বাঘা পৌর এলাকায় পৌঁছুলে পৌরসভার কাছ থেকে লিজ নেওয়া কিছু ব্যাক্তি গাড়ির পথরোধ করে তাদের কাছে গাড়ি প্রতি ১০০ টাকা হারে চাঁদা দাবি করে। এ টাকা দিতে না চাইলে আদায়কারীরা চারটি গাড়ি আটক করে রাখে এবং দুটি গাড়ির গ্লাস ভেঙ্গে দেয়। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জন আহত হন।
আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, ‘পিকনিকের গাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বাঘা পৌরসভার এলাকায় পৌঁছুলে হঠাৎ গাড়ি থেমে যায়। নেমে দেখি ডাইভারের সঙ্গে চাঁদা আদায়কারীর তর্ক-বিতর্ক হচ্ছে। এক পর্যায়ে আমার উপস্থিতিতে দুটি গাড়ির কাঁচ লাঠি দিয়ে পিটিয়ে ভাংচুর করে চাঁদাবাজরা। ঘটনার এক পর্যায় আমি বাঘা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা এসে আমাদের উদ্ধার করে। ততক্ষণে পুলিশের উপস্থিত টের পেয়ে চাঁদা আদায়কারীরা পালিয়ে যায়।’
গাড়িতে থাকা বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, ‘মেয়ের সঙ্গে পিকনিকে যাচ্ছিলাম। চাঁদা না দেওয়ার কারণে অতর্কিতে বাসে হামলা ও ভাঙচুর চালায় চাঁদা আদায়কারীরা। এ ঘটনায় আমিসহ ৮ জন কাঁচের টুকরায় আঘাতপ্রাপ্ত হই।’
এদিকে ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঘা পৌর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের মাধ্যমে পৌর এলাকায় টোল আদায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন এবং দুপুরে মাইকিংয়ের মাধ্যমে চাঁদা তোলা বন্ধ ঘোষণা করা হয়।
বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, ‘পৌরসভা থেকে বালুর গাড়ি, ভটভটি ও বড় ট্রাক থেকে টোল আদায় করার অনুমতি দেওয়া হয়েছিল। পিকনিকের গাড়ি থেকে টোল তোলার নির্দেশ দেওয়া নেই। যারা এ কাজটি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নামে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, ‘পিকনিকের গাড়ি ভাংচুরের ঘটনায় বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল বাঘা বাজারের পুর্বপ্রান্তে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিযে যায়। পরদিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নিব।
আরও পড়ুনঃ ভাষা সৈনিক আবদুল জলিলের ইন্তেকাল
এ রিপোর্ট লেখা পর্যন্ত টোল ইজারাদার পৌর যুবলীগের সভাপতি শাহিনুর আলমের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/নূহু
