এ বছরই হাইড্রোজেন চালিত গাড়ি আসছে দেশে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৩

এ বছরেই হাইড্রোজেন চালিত কার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আনা হবে। জনসচেতনতা ও প্রদর্শনের জন্য প্রকল্পে সংযোজিত হবে হাইড্রোজেন রি-ফুয়েলিং স্টেশন ও হাইড্রোজেন ফুয়েলসেল কার। পর্যায়ক্রমে তার প্রসারতা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে দাবি করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন।

গতকাল সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ (আইইবি) টেকসই ও নবায়নযোগ্য কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত ‘প্রোসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস অব হাইড্রোজেন ফুয়েল ইন বাংলাদেশ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় স্রেডা-এর চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুত্ বিভাগের সচিব হাবিবুর রহমান ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান প্রফেসর ড. আফতাব আলী শেখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইড্রোজেন এনার্জি গবেষণাগার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আবদুস সালাম।

সিনিয়র সচিব আনোয়ার হোসেন বলেন, বিশ্ব প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে থাকব কেন? গ্যাস বা কয়লা একদিন ফুরিয়ে যাবে আমাদের বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। দক্ষিণ কোরিয়া হাইড্রোজেন জ্বালানিতে অনেক এগিয়ে গেছে। জার্মানিও অনেক এগিয়ে গেছে। সারা পৃথিবী এটা নিয়ে কাজ করছে আমরা পিছিয়ে থাকব কেন? এক বছরের মধ্যেই হাইড্রোজেন কার আসবে। ফসিল ফুয়েল অর্থাত্ কয়লা, পেট্রোল, ডিজেল যত বেশি পোড়ানো হয় কার্বন অ্যামিশন ততই বাড়ে। আর এর জন্যই ঘটে জলবায়ুর পরিবর্তন।