প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে সাকিব, বরণ করলেন শিল্পমন্ত্রী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৯:৩৮

বিয়ের ৬ বছর পর বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রথমবারের মতো নরসিংদীর মনোহরদীতে শ্বশুরের পৈতৃক বাড়িতে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে নিজ এলাকার জামাই সাকিবকে ফুল দিয়ে বরণ করে নিলেন স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আগমন উপলক্ষে এক  অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদীর মনোহরদী এলাকাবাসী। এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও সাকিব আল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। সাকিবের শ্বশুরবাড়িতে আগমনের খবরে আলোড়ন ছড়িয়ে পড়ে পুরো উপজেলা জুড়ে। শিল্পমন্ত্রী ও সাকিবের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় তোরণ। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে মাত্র এক নজর দেখার জন্য সকাল থেকেই বিভিন্ন স্থানে বাড়তে থাকে মানুষের ঢল।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়িতে পৌঁছলে হাজার হাজার সাকিব-ভক্ত তাদের স্বাগত জানায়। পরে সাকিবের শ্বশুরবাড়ি প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, 'সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার। তিনি আমাদের জামাতা। তাকে বরণ করে আজ আমরা আনন্দিত। সাকিব ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার। আরেকজন অলরাউন্ডার আছে বাংলাদেশে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমি অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে আশা করি, আগামী বিশ্বকাপ ট্রফি আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশে আনতে পারব'।

জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, 'শ্বশুরবাড়িতে কখনো আসা হয়নি, প্রথমবার আসলাম, ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। যাতে আগামীতে আমরা বিশ্বকাপ ট্রফি দেশের মাটিতে আনতে পারি'।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পমন্ত্রীর জামাতা বিডিজি মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, খিদিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন:  পীরগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

২০১২ সালে সাকিব আল হাসান মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর গ্রামের আমেরিকা প্রবাসী মমতাজ উদ্দিন সরদারের মেয়ে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন। বেলা সাড়ে ১১টায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে নরসিংদী ক্লাবে যাত্রা বিরতি করেন তারা। এই সময় নরসিংদীর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান, মনোহরদীর পৌর মেয়র আমিনুল রশিদ সুজন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহামুদল হাসান শামীম নেওয়াজসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।

ইত্তেফাক/জেডএইচডি