শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়া গ্রামের মালেকুজ্জামানের ছেলে আব্দুল হামিদ (২৪) ও একই গ্রামের রাশেদ আলির ছেলে আব্দুর রহিম(২৮)। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রসিকনগর বাবু মোড়ে গ্রামীণ ব্যাংকের সামনে সোনামসজিদগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল হামিদ ও আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হয়। 

এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকের চালক ও হেলপার সহ ট্রাকটি আটকে রাখে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে জনতা চালক ও হেলপারসহ ট্রাকটি পুলিশের কাছে হস্তান্তর করে। 

তারা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকনাথপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ও ট্রাক চালক মো. ডালিম আলী (৩০) ও ট্রাক হেলপার হলো নাচোল উপজেলার ভদ্রইল গ্রামের রবিউল ইসলামের ছেলে কাশেম আলী(২০)। 

তিনি আরও জানান, পরিবারের কোনো দাবী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম