মোতেরায় দিবারাত্রির টেস্ট শুরু আজ ভারতের চোখে শুধুই জয়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২

স্পোর্টস ডেস্ক

সংস্কারের পর মোতেরার সরদার প্যাটেল স্টেডিয়াম এখন ক্রিকেট বিশ্বেরই সবচেয়ে বড় স্টেডিয়াম। ১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এবং অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগসুবিধায় সমৃদ্ধ এই মাঠে সংস্কার কাজের পর আজই প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চায়িত হচ্ছে। তবে এবেলায় ভেন্যু বন্দনার মানসিকতায় হয়তো থাকবেন না বিরাট কোহলিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক চোখ রেখে মোতেরায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে আজ মাঠে নামছে ভারত। দিবারাত্রির এই টেস্ট জিতে দুই দলের সামনেই থাকছে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ।

সিরিজ শুরুর আগে হয়তো অনেকেই ভেবেছিল, এই সিরিজে ইংল্যান্ড একটি টেস্ট জিততে পারলে সেটি হবে আহমেদাবাদের গোলাপি বলের ম্যাচটা। কিন্তু এর মধ্যে সিরিজ ১-১ হয়ে যাওয়ার বদলে গেছে হিসাব-নিকাশ। এই ম্যাচের ওপর এখন ব্যাপকভাবে নির্ভর করছে ভারতের টেস্ট চ্যামিপয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা। এই ম্যাচে (বা চতুর্থ টেস্টে) হারলেই ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে ভারত। আর এই টেস্টে হারলে সিরিজও একরকম ছুটে যাবে। তবে এখনই ফাইনাল বা সিরিজের ফল নিয়ে চিন্তা করতে চাচ্ছেন না অধিনায়ক কোহলি। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোহলি জানিয়েছেন, শুধু এই টেস্টে জেতার চিন্তা নিয়েই মাঠে নামবেন তারা। আগের টেস্টে ৩১৭ রানে জেতা দলের সঙ্গে আজ যোগ দিচ্ছেন দেশের শীর্ষ পেসার জাসপ্রিত বুমরাহ।