বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের ফুলতলা এলাকায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে আহত বালু ব্যবসায়ী ফোরকান চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ফোরকান ফুলতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। এর আগে সোমবার বিকালে ফুলতলা বাজার এলাকায় বালু ব্যবসায়ী ফোরকানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রতিপক্ষের সঙ্গে ফোরকানের বালু ব্যবসা নিয়ে গন্ডগোল চলছিল। এর জেরে এই হত্যাকাণ্ড হতে পারে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ফোরকান চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।