বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরলেন আড়াইহাজারের জামাল মিয়া

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:১৯

সংসারের হাল ধরতে মালয়েশিয়া গিয়েছিলেন আড়াইহাজারের জামাল মিয়া। ফিরে এলেন লাশ হয়ে। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের রোস্তম ব্যাপারীর ছেলে।

সংসারের আর্থিক স্বচ্ছলতার আশায় ১১ বছর আগে কাজের জন্য মালয়েশিয়া যান জামাল মিয়া। সেখানে তিনি ইটাখোলায় কাজ করতেন। গত ২০ জানুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে মারা যান। ২৩ জানুয়ারি রাত ১০টায় তার লাশ বাংলাদেশে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। মৃতের পরিবার প্রতিবেশী আলামিনসহ মৃতের লাশ গ্রহণ করে।

বৃহস্পতিবার ২৪ সকাল ১০টায় নিজ গ্রামে জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন হয়। প্রবাসী কল্যান ডেক্স থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক দাফন কার্যের ৩৫ হাজার টাকার চেক হাতে পেয়েছে তার পরিবার।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে পেট্রোলবোমায় ট্রাকচালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মৃত্যুকালে জামাল মিয়া স্ত্রী হাছিনা বেগমসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘ সময় প্রবাসে কাজ করা সত্বেও পরিবারে তেমন কোন উন্নয়ন করতে পারে নাই। সংসার পরিচালনাতেই সব উপার্জন শেষ হয়ে গেছে। নিজের ঘর নাই, ভাড়া ঘরে থাকে। পরিবারের কর্তা ব্যাক্তি হারিয়ে অসহায় হয়ে পড়েছে জামালের পরিবার।

ইত্তেফাক/নূহু