রাঙ্গামাটির বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে রূপকারী ইউনিয়ন পরিষদের মেম্বার সমর বিকাশ চাকমাকে গুলি করেছে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাঘাইছড়ির পিআইও অফিসের ভেতরে ঢুকে অতর্কিতভাবে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সমর বিকাশ চাকমা মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমর বিকাশ চাকমা বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে বসে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে কক্ষে ঢুকে কিছু বোঝার আগেই তাকে পেছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পরই দুর্বৃত্তরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।
নিহত সমর বিকাশ চাকমা জেএসএস এমএন লারমা সমর্থিত বলে জানা গেছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিক কেউ জানাতে পারেনি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসনসহ নিরাপত্তা বাহিনী ও পুলিশ সরেজমিনে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছেন। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে।
ইত্তেফাক/জেডএইচডি
