বিজ্ঞাপন ও নাটকে সরব...

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৬

কা ম রু জ্জা মা ন  মি লু    

 

শামীমা ইসলাম তুষ্টি। একজন অভিনেত্রী ও দক্ষ সংগঠক। অভিনয়ে তুষ্টি শেকড়টা ছড়াতে শুরু করেন সেই ছোটবেলায়। শুরুটা লোকনাট্য দলের পিপলস লিটল থিয়েটারের মাধ্যমে। শামীমা তুষ্টি ওই থিয়েটারে প্রথম অভিনয় করেন ‘সিন্ডারেলা’ নাটকে। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। বিশেষ করে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকটি তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর অলসপুর, আলাল দুলাল, নন স্টপ, লেক ড্রাইভ লেন, মায়ার খেলা, স্বর্ণলতা, এক চিলতে পাখি, নীড় খোঁজে গাঙচিল, টিপু সুলতান, প্রহেলিকা সহ বেশকিছু নাটকে তার অনবদ্য অভিনয় দর্শক ও নির্মাতাদের নজর কাড়ে। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে তুষ্টি অভিনীত বেশকিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। করোনার সময় ও বর্তমান ব্যস্ততা নিয়ে শামীমা তুষ্টি বলেন, ‘করোনার আগে সবশেষ ‘বকুলপুর’ নাটকের সেটে কাজ করেছিলাম। নাটকটি রচনা করেছেন আহমদে শাহাবুদ্দীন ও পরিচালনা করছেন কায়সার আহমেদ।’ তুষ্টি বলেন, ‘বর্তমানে লাজুক ভাবি, পরিবার, একশতে একশ নামের একাধিক ধারাবাহিক নাটকে নিয়মিত কাজ করছি। সরকারি সমাজ সচেতনতামূলক বিজ্ঞাপনের কাজগুলোও করছি। এছাড়া কিছুদিন আগে তাহের শিপন পরিচালিত একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছিলাম। সেটাও করোনাকে কেন্দ্র করে।’

বর্তমানে বিজ্ঞাপন ও নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। লাল সবুজ, স্বপ্নডানায়, নন্দিত নরকে, গোর এবং হাসন রাজা সিনেমায় কাজ করেছেন তুষ্টি। নতুন সিনেমা নিয়ে কাজ প্রসঙ্গে তুষ্টি বলেন, ‘সিনেমা একজন অভিনয়শিল্পীকে দীর্ঘদিন বেঁচে রাখে। তাই নতুন সিনেমায় কাজ করার ইচ্ছে আছে আমার। চরিত্র পছন্দ হলে অনুদানের সিনেমায়ও কাজ করার ইচ্ছে আছে।’