বাংলাদেশে নির্মিত তারকাবহুল ছয়টি নাটক ও শর্ট ফিল্ম মুক্তি পেতে চলেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবালে। ফলে প্লাটফর্মটির সমৃদ্ধ বিনোদন ভাণ্ডারে স্থানীয় কনটেন্টের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধারার সুযোগ পেলেন স্থানীয় নির্মাতা ও শিল্পীরা।
রোমান্স, প্রহসনমূলক, ব্যাঙ্গ ও রোমাঞ্চকর ধাঁচের এই নাটকগুলোতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, জিয়াউল অপূর্ব, শিবা আলী খান, ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ, অহনা রহমান, মোশাররফ করিম ও তারিনসহ আরো অনেকে। নাটকগুলো ২৬ ফেব্রুয়ারি ‘জি ড্রামা টাইম’ নামে জিফাইভ গ্লোবালের নতুন বিভাগে মুক্তি পাবে।
ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে বসন্ত ও ভালোবাসার মাস। আর ভালবাসা নিয়ে জনপ্রিয় দুটি গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ এবং ‘হূদ মাঝারে রাখব’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই নাটকগুলো। ‘পিরিতি কাঁঠালের আঠা’ মানে ভালোবাসার বন্ধন কাঁঠালের আঠার মতো জোরালো। জনপ্রিয় এই বাউল বা লোকসংগীতের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার টানে’, মেহেদী হাসানের ‘২৫২১’ এবং মোহন আহমেদের ‘বিয়ে শাদী’।
