মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় জন প্রার্থী হলেন—আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র নায়ার কবির (নৌকা প্রতীক), বিএনপির মনোনীত জহিরুল হক খোকন (ধানের শীষ প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভুঁইয়া (মোবাইল ফোন প্রতীক), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত মো. নজরুল ইসলাম (হাতুড়ি প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবদুল মালেক (হাতপাখা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আবদুল কারীম (নারিকেল গাছ প্রতীক)। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান আল-মামুন সরকার বলেন, ‘ভোটারদের ধারণা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস নায়ার কবির, বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল হক খোকন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভুঁইয়ার মধ্যেই হবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা।’

ভৈরবে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রচার-প্রচারণা। ভোটের মাঠে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের আব্দুল্লাহ আল মামুন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের হাজি মো. শাহীন এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইফতেখার হোসেন বেনু। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম বারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভৈরব পৌরসভা নির্বাচনে সর্বমোট ৭৯ হাজার ৭১৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রায়পুরে মেয়র পদে প্রার্থী ছয় জন

এদিকে, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, রায়পুর পৌরসভা নির্বাচনে ২৮ ফেব্রুয়ারির ভোটে মেয়র পদে প্রার্থী রয়েছেন ছয় জন। নৌকা নিয়ে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য গিয়াস উদ্দিন রুবেল ভাট, ধানের শীষ প্রতীক পেয়েছে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ বি এম জিলানী, নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার সুযোগ না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত সমর্থিত অধ্যাপক মনির আহম্মেদ মোবাইল প্রতীক নিয়ে রয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক কাউন্সিলর মো. নাছির উদ্দিন সগির (পানির জগ) ও পৌর শ্রমিক লীগ নেতা মাসুদ উদ্দিন (নারিকেল গাছ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আব্দুল খালেক (হাতপাখা) নিয়ে লড়ছেন।

সৈয়দপুরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র, কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরা। ফলে পুরো পৌরসভা প্রচার-প্রচারণায় উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।  মেয়র পদে আওয়ামী লীগের রাফিকা আকতার জাহান নৌকা প্রতীকে ভোটের মাঠে রয়েছেন। বিএনপির প্রার্থী মো. রশিদুল হক সরকার (ধানের শীষ) ভোটযুদ্ধে রয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম (লাঙ্গল) ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নূরুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন) প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

মহেশপুরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী চার জন

এদিকে, মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, মহেশপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকা। মেয়র পদে রয়েছেন চার জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ খান জানান, তার পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের সহযোগিতা করবেন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু শান্তিপূর্ণ পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানিয়েছেন।