বিডার সঙ্গে বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চুক্তি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

বিনিয়োগকে উত্সাহিত করার লক্ষ্যে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ-ইতালি বিনিয়োগ শীর্ষ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করবে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ)। এছাড়া বৈদেশিক বিনিয়োগ উত্সাহিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বিভিন্ন দেশে রোড শো, সেমিনার, কনফারেন্স ইত্যাদি আয়োজন করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে গতকাল বুধবার আগারগাঁওস্থ বিডা ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এর মধ্য এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিডার নির্বাহী সদস্য মো. মোশারফ হোসেন এবং বিবিএফের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মাসুদ এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিবিএফ চেয়ারম্যান বলেন, বিবিএফ বহির্বিশ্বে বাংলাদেশের বিনিয়োগের বিভিন্ন খাত যেমন কৃষি, আইসিটি, ইলেকট্রনিক্স, হালকা প্রকৌশল, জ্বালানি, বিদ্যুত্ এবং স্বাস্থ্যসেবাসহ অগ্রাধিকার খাতগুলো তুলে ধরবে।