নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষ ও পুলিশের গোলাগুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে এর আগেও হত্যার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। গতকাল বুধবার মুজাক্কির হত্যা মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।
সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর মাদকের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসান ইমাম রাসেল, নাছির উদ্দিন বিডি ও গিয়াস উদ্দিন রনি মুজাক্কিরকে রনির দোকানে ধরে এনে নির্মমভাবে পিটিয়ে আহত করে। পেটানোর ভিডিও চিত্র এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। ভিডিওতে দেখা যায় ‘মুজাক্কিরকে তারা নির্মমভাবে পেটায় এবং বলে তোর কোন বাপ তোকে বাঁচায় আমরা দেখব।’ এছাড়া ২০২০ সালের ২৪ জুন রাসেল সমকালের নোয়াখালী প্রতিনিধি আনোয়ারুল হায়দারের হাত কেটে ফেলার হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় পরদিন হায়দার রাসেলের বিরুদ্ধে চাটখিল থানায় জিডি করেন। বর্তমানে মামলাটি নোয়াখালী পিবিআইতে তদন্তাধীন। কোম্পানীগঞ্জের সাংবাদিক সমাজ মুজাক্কির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
হত্যা মামলার তদন্ত শুরু
সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা দায়েরের এক দিন পর গতকাল বুধবার এর তদন্তভার পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে জেলা পিবিআইর পুলিশ পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে। তদন্ত কর্মকর্তা জানান, গতকাল সকাল থেকে তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। এর বেশি তিনি আর কিছু জানাতে পারেননি। মঙ্গলবার সকাল ১১টার দিকে নিহত সাংবাদিকের পিতা মাওলানা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।
দলীয় কার্যক্রম স্থগিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম চৌধুরী। মঙ্গলবার রাতে এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান, দলীয় হাইকমান্ডের নির্দেশে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। এ ব্যাপারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, আমি নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে সব কর্মসূচি স্থগিত করার পরও মিজানুর রহমান বাদলের নেতৃত্বে চর এলাহী ইউনিয়নের গাংচিলে সন্ত্রাসী বাহিনী হোন্ডার মহড়া দিয়ে সমাবেশ করছে।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত অবস্থায় সাংবাদিক মুজাক্কির গুলিবিদ্ধ হন। পরদিন শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাই নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।
