ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় ফের ধর্ষণ!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৫

ময়মনসিংহে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর আবারও ধর্ষণের ঘটনায় আব্দুস সাত্তার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। অপহূত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা      গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত ওয়াজ উদ্দিনের ছেলে সাত্তার। গত ২১ ফেব্রুয়ারি ঐ কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ২২ ফেব্রুয়ারি সকালের দিকে আব্দুস সাত্তারকে আটক করে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থানার চণ্ডীবেড় মধ্যম পাড়ার ময়নুল ইসলাম হিরন মোল্লার বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে। পরে আব্দুস সাত্তারকে গ্রেফতার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ আব্দুস সাত্তার স্বীকার করেন, তিনি পূর্ব শত্রুতার জেরে জোরপূর্বক ঐ কিশোরীকে অপহরণ করেন এবং ধর্ষণ করেন।

এর আগে গত বছরের ৫ জুলাই ঐ কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেন কিশোরীর বাবা। পরে ঐ মামলায় পুলিশ আব্দুস সাত্তারকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে সাত্তার জামিনে এসে কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেন। মামলা তুলে না নেওয়ায় ওই কিশোরীকে ফের অপহরণের পর ধর্ষণ করেন।