ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৭৫

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:২১

ইকুয়েডরে তিনটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় অন্তত ৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এদের মধ্যে নিরাপত্তারক্ষীও রয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, এই দাঙ্গার পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে শুরু বিতর্ক। যাকে কেন্দ্র করে জেলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। যদিও দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে প্রেসিডেন্ট দাবি করেন। খবর বিবিসি ও সিএনএনের

কারাগারে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ডিসেম্বরে একজন গ্যাংলিডার নিহত হওয়ার পর কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে এই দাঙ্গার ঘটনা ঘটে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। দেশটির ৭০ শতাংশ বন্দি এই তিনটি জেলে আছে। দেশটির কারাপ্রধান এডমন্ডু মোনাকেয়ো জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুয়েনকা জেলে ৩৩ জন, গুয়ায়েকুয়েলে ২১ এবং লাতাকুঙ্গায় মারা গেছে ৮ জন। কর্মকর্তারা আরো ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। তবে তারা কোন জেলে ছিলেন তা জানাননি। কয়েক জন পুলিশ এই দাঙ্গায় আহত হলেও নিহতরা সবাই বন্দি।

রিকার্ডো নামে এক বন্দির স্ত্রী সরিয়ার অভিযোগ, ভেতরে আছে বাজার। সবকিছু পাওয়া যায়। মাদক, আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে কুকুরছানাও। স্বামীকে নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে সরিয়া নামের এক স্ত্রী জানান, হোয়াটসঅ্যাপে তাকে ভয়েস পাঠিয়েছেন তার স্বামী। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে এখান থেকে বের করো। তারপর থেকে স্বামীর সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি সরিয়া।