বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি ঢাকায় ও ঢাকার বাইরে প্রতিটি কর্মসূচি এবং অনুষ্ঠান স্থলের জন্য পৃথক পৃথকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের পরামর্শ দেন। অনুমোদিত হলে করোনা পরিস্থিতি বিবেচনায় ইনডোরে অনুষ্ঠান আয়োজন এবং চলমান করোনা ভাইরাস মোকাবিলায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানান আইজিপি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ১৯ দিনের কর্মসূচিতে অনুমতি ও নিরাপত্তা চাইতে যান বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. আব্দুস সালাম, বিজন কান্তি সরকার এবং জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিকালে আইজিপির সঙ্গে সাক্ষাত্কালে প্রতিনিধিদলের সদস্যরা বিএনপি গঠিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটি’র ব্যানারে মার্চ মাসে দেশব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচি পালনের অনুমতি এবং অনুষ্ঠানসংক্রান্ত নিরাপত্তা প্রদান বিষয়ে আলোচনা করেন।
এদিকে আধাঘণ্টার বৈঠক শেষে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে তিনি আমাদের কিছু পরামর্শ এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাতে আমরা আশস্ত হয়েছি। বিএনপির কর্মসূচি পালনে পুলিশ প্রধান স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন।
