কোটালীপাড়ায় বাসচাপায় শিশু নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিকনিকের বাস চাপায় লাবিবা খানম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া বাজারের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত লাবিবা টুঙ্গিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের আরিফ সিকদারের মেয়ে। ঘাতক বাসটিসহ চালক মোঃ সোহেল আকন্দকে (৩০) কোটালীপাড়া থানা পুলিশ মাঝবাড়ি থেকে আটক করেছে। 

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, ‘বরিশাল জেলার হিজলা উপজেলার রাজলিয়া ইউপি মেম্বার জামাল হোসেন তার সমর্থকদের নিয়ে ২টি বাসে করে টুঙ্গিপাড়ায় পিকনিক করতে আসেন। পিকনিক শেষে বরিশাল ফেরার পথে তাদের গাড়ি বহর আজমি পরিবহনের একটি বাস (বরিশাল জ ১১-০১৩৮) বর্ষাপাড়ায় লাবিবা নামে একটি শিশুকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।’

আরও পড়ুনঃ বগুড়ায় মাদক মামলায় নারী ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

তিনি জানান, ‘জনতা মাঝবাড়িতে ব্যারিকেট দিয়ে বাস থামিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটির চালকসহ বাসটিকে আটক করে। দুর্ঘটনার সময় লাবিবা বাড়ির পাশ্ববর্তী বর্ষাপাড়া বাজারের সামনে তার দাদী বিউটি বেগমের সঙ্গে পাতা কুড়াচ্ছিলো।’

ইত্তেফাক/নূহু