জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি আছে। সরকারের পক্ষ থেকে তদন্ত সংস্থার রিপোর্ট প্রকাশ করা হলে এই হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের সন্দেহ ও বিভ্রান্তি দূর হবে। তাছাড়া শহিদদের নিকট আত্মীয়রাও বুঝতে পারবেন কোন পরিপ্রেক্ষিতে তাদের স্বজনরা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা শহিদ পরিবারের জন্য সান্ত্বনাও হবে। গতকাল বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহত শহিদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। জি এম কাদের বলেন, প্রতিটি ষড়যন্ত্রের সঙ্গে কিছু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকে। তাই পিলখানা ট্র্যাজেডিতে পরোক্ষভাবে কেউ জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী। জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান শাহরিয়ার আসিফ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন ও সাইফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
