কোভিড-১৯ মহামারির সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ সময়ে বাংলাদেশ ও এর জনগণের প্রতি প্রদর্শিত দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত দেশি-বিদেশি কয়েকটি এয়ারলাইন ‘ফ্রেন্ড ইন নিড’ বা দুঃসময়ের বন্ধু সম্মাননা লাভ করেছে। এভিয়েশন ও ভ্রমণবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের উদ্যোগে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। যেসব এয়ারলাইন এ বিশেষ সম্মাননা লাভ করে তারা হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউ-এস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন এবং এয়ার এরাবিয়া। এ ছাড়াও মহামারির প্রাথমিক পর্যায়ে দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে দ্রুততার সঙ্গে নিউ-নরমাল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে গৃহীত সুচিন্তিত, পরিণামদর্শী ও দ্রুত পদক্ষেপের জন্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ স্মারক প্রদান করা হয়। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ সম্মাননাপ্রাপ্ত এয়ারলাইনগুলোর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
