চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ঘরের মাঠে লজ্জাজনক পরাজয় ও লিগে ‘পুঁচকে’ কাদিজের বিপক্ষে শেষ মিনিটে গোল খেয়ে ড্র করার পর আবার স্বরূপে ফিরল রোনাল্ড কোম্যানের দল। বুধবার অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলে লা লিগার ম্যাচে এলচেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোলের দেখা পান মেসি। মার্টিন ব্রেথওয়েটের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ২০ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন এই মেসিই। ম্যাচের ৬৮ মিনিটে পাওয়া ঐ গোলটি করিয়েছেন বার্সার ডাচ্ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। বার্সার হয়ে তৃতীয় গোলটি করেছেন দলের বর্ষীয়ান ফুলব্যাক জর্ডি আলবা। এই ম্যাচের জোড়া গোলের ফলে এই মৌসুমে লিগে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮তে। অর্থাত্ প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে সরিয়ে মেসিই এখন এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোল সংগ্রাহক। আর এই জয়ে টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পাঁচ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে বার্সা।
