বিদ্যমান চমত্কার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি কৌশলগত সম্পর্ক গড়তে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। জাপানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ডেপুটি মিনিস্টার হিরোশি সুজুকি।
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, আগামী ২০২২ সালে বাংলাদেশ-জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উভয়পক্ষ একমত হয়েছে।
বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো।
